EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে ভোররাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরসা সদস্য মো. জুবায়ের; ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৩টায় কুতুপালং মধুরছড়া ইরানি পাহাড়ে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের (৩৪) ক্যাম্প-৮ ওয়েস্টের মেইন ব্লক-সি, এইচ/২৯ ব্লকের রহমত উল্লাহর ছেলে।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, জুবায়ের নিজ বসতঘর থেকে ভোররাতে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার পথে ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জুবায়েরকে স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক আরও বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে অভিযান চলছে। প্রাথমিকভাবে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন