EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম

শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) মিলনায়তনে ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাস। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনকারী ব্যক্তি—যা হতে চায়, তা অর্জন করতে সক্ষম হবে।

আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তবে আয়েশার সাফল্য যেন ব্যতিক্রমী ঘটনা হয়ে না থাকে, বরং দেশের প্রতিটি শিশু যেন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধার বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এটি মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেজগাঁও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন