অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
৫৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিজ্ঞ এই কূটনীতিক
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
প্রয়াত অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও সাবেক রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্যক্তিজীবনে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরোপকারী মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ারের প্রয়াণে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।