মিরপুরে দেয়াল ধসের আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে দেয়াল ধসের ঘটনায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে আশ্বাস দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিটোরে গিয়ে আহতদের খোঁজখবর নেন মন্ত্রী। তিনি আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ঘাটতি যেন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো খরচ বহন করতে হবে না। প্রয়োজনে বাইরে থেকে ওষুধ বা চিকিৎসাসামগ্রী সংগ্রহ করতে হলেও তার হিসাব সংরক্ষণ করা হবে এবং সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। ইতোমধ্যে প্রাথমিক সহায়তা হিসেবে আহতদের হাতে নগদ অর্থও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ছয়জন আহত হন।
বর্তমানে আহত পাঁচজন নিটোরে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আহতদের সবাই বর্তমানে শঙ্কামুক্ত।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি এবং নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।