EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১২৫ টাকায় চাকরি, সততার মানসিকতাই এগিয়ে যাওয়ার প্রেরণা: ভূমিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

১২৫ টাকায় চাকরি, সততার মানসিকতাই এগিয়ে যাওয়ার প্রেরণা: ভূমিমন্ত্রী

কথা বলছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

অ অ

ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে নবনিযুক্ত পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মাত্র ১২৫ টাকা খরচে কোনো ধরনের উৎকোচ বা তদবির ছাড়াই সরকারি চাকরিতে যোগ দেওয়া নতুন পেশকারদের সততার প্রশংসা করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, এই মানসিকতাই দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা।

মঙ্গলবার (২৮ জুলাই) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবির।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার দেশ। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে। তিনি নবনিযুক্ত পেশকারদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বাবা-মা ও শিক্ষকদের সম্মান রক্ষা করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গত দুই দশকে এত স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগের নজির খুব কমই রয়েছে। কোনো ধরনের তদবির ছাড়াই মাত্র ১২৫ টাকা খরচে চাকরি পাওয়া নতুন পেশকারদের অভিজ্ঞতা সরকারের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রমাণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ করে জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত পেশকার মোছা. ফারহানা খাতুন, মো. শিহাব উদ্দিন ও শাকিল আহমদ বক্তব্য দেন। তারা সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরির সুযোগ পাওয়ায় সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন