EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কালো ধোঁয়া আর নয়

পরিবেশের বার্তা নিয়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাত্রা ফাহিমের

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

পরিবেশের বার্তা নিয়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাত্রা ফাহিমের
অ অ

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষকে হাঁটার অভ্যাসে উদ্বুদ্ধ করার বার্তা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে দেশের সর্বউত্তরের পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রা করছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’ স্লোগান নিয়ে শুরু করা এ যাত্রায় মঙ্গলবার (২৮ জুলাই) ১৯ দিনের টানা হাঁটা শেষে তিনি নীলফামারীতে পৌঁছান।

সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী শহরে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ২৬ বছর বয়সী এই তরুণ।

ফাহিম জানান, গত ১০ জুলাই টেকনাফের শাপলা চত্বর জিরো পয়েন্ট থেকে দুই সহযাত্রীকে সঙ্গে নিয়ে পদযাত্রা শুরু করেন। তবে ফেনীতে পৌঁছানোর পর ব্যক্তিগত কারণে দুই সহযাত্রী ফিরে গেলে এরপর থেকে একাই পথচলা অব্যাহত রাখেন।

তিনি ইতোমধ্যে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও রংপুর অতিক্রম করে প্রায় এক হাজার কিলোমিটার পথ হেঁটেছেন। পরিকল্পনা অনুযায়ী বুধবার (২৯ জুলাই) দুপুরের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া জিরো পয়েন্টে পৌঁছে ২০ দিনের এই পদযাত্রা শেষ করবেন।

ফাহিম বলেন, “কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয় এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই আমার এই উদ্যোগ। পথে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মানুষের সঙ্গে কথা বলে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছি।”

তিনি বলেন, বর্তমানে মানুষ প্রয়োজনের তুলনায় অনেক বেশি মোটরচালিত যানবাহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অল্প দূরত্বেও যানবাহন ব্যবহারের ফলে যেমন শারীরিক পরিশ্রম কমছে, তেমনি পরিবেশ দূষণও বাড়ছে। তাই প্রতিদিন অন্তত পাঁচ কিলোমিটার হাঁটার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ প্রসঙ্গে ফাহিম বলেন, “প্রতি বছর কোটি কোটি গাছ লাগানো হলেও পরিচর্যার অভাবে অনেক গাছই টিকে থাকে না। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের সবার। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি জানান, স্কুলজীবন থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠন ‘সোনালী সকাল’-এর সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। এর আগে প্রকৃতি সংরক্ষণ, জলাধার রক্ষা ও পরিবেশবিষয়ক বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

আরও পড়ুন