EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এইচএসসি পরীক্ষা শেষে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

ডেইলি সান রিপোর্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

এইচএসসি পরীক্ষা শেষে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং
অ অ

চলমান এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কুড়িগ্রামে টানা সাত দিনের সম্ভাব্য লোডশেডিং আপাতত স্থগিত করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর সঞ্চালন লাইনের উন্নয়নকাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। তবে আগামী ৮ আগস্ট সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু হতে পারে। কাজ শুরু হলে জেলায় লোড‌শে‌ডিং হতে পা‌রে বলে জানিয়েছেন কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম।

আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উন্নয়নকাজের জন্য রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইন পর্যায়ক্রমে বন্ধ রাখার কথা ছিল। এতে কুড়িগ্রাম জেলায় আংশিক লোডশেডিং হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি প্রকাশের পর জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে এবং তীব্র গরমের মধ্যে এমন সিদ্ধান্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হতো।

মঙ্গলবার (২৮ জুলাই) নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, প্রতি বছর এ সময় সঞ্চালন লাইনের উন্নয়নকাজ করা হয়। তবে চলমান এইচএসসি পরীক্ষা বিবেচনায় আগামী ৭ আগস্ট পর্যন্ত কাজ স্থগিত রাখা হয়েছে।

তিনি জানান, মৌখিকভাবে কাজ স্থগিতের নির্দেশনা পাওয়া গেছে। আগামী ৮ আগস্ট থেকে উন্নয়নকাজ শুরু হতে পারে। তখন প্রয়োজন অনুযায়ী জেলায় লোডশেডিং হতে পারে। এ সময় নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রাহকরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন।

এর আগে গত ২৫ জুলাই প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্প’-এর নির্মাণকাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইন শাটডাউনের কারণে নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং আংশিক লোডশেডিং হতে পারে। তবে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকলে প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন