EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবনে ইউপি সদস্যের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

ঠাকুরগাঁওয়ে লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবনে ইউপি সদস্যের মৃত্যু
অ অ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবন করে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহ ও মানসিক অবসাদ থেকে তিনি এ পথ বেছে নিয়েছেন বলে পরিবারের প্রাথমিক ধারণা।

গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুলা রায় (৩৪) ভাংবাড়ি গ্রামের ভবেশ চন্দ্র ওরফে দুমাসু রায়ের ছেলে। তিনি বাচোর ইউনিয়নের ১ নম্বর ভাংবাড়ি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় তুলা রায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি মোবাইল ফোনে ফেসবুক লাইভে আসেন। লাইভে তিনি ব্যক্তিগত জীবনের নানা হতাশার কথা বলেন। একপর্যায়ে লাইভ চলাকালেই বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক কলহ ও মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন