EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:২৯ এএম

মিরপুরে  দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হাফিজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন। অপর গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, রাতে হাফিজুর রহমানসহ ৭-৮ জন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি গুলি লাগে এবং ইউসুফ আলীর বুকে গুলি বিদ্ধ হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন অস্ত্রধারী সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হামলায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন