সততা ও সময়ানুবর্তিতাই দেশের প্রতি ভালোবাসা: স্বাস্থ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:১২ এএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর একটি হোটেলে ৪৫তম বিসিএস ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: বাসস
সরকারি কর্মকর্তাদের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতাই দেশের প্রতি ভালোবাসার অন্যতম প্রকাশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু অবৈধ অর্থ গ্রহণ না করাই সততার পরিচয় নয়; সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জনগণের প্রতি জবাবদিহিতাই প্রকৃত সততার ভিত্তি। সরকারি বা বেসরকারি—সব ক্ষেত্রেই একজন কর্মকর্তার প্রধান দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।
তিনি বলেন, ‘আপনাদের এ অবস্থানে পৌঁছানোর পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। তাই সাধারণ মানুষের প্রতি আপনাদের দায়বদ্ধতাও অনেক বেশি। দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজে আত্মজবাবদিহিতা থাকতে হবে।’
নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে কাজ করার সময় তিনি সকাল সাড়ে ৮টায় অফিসে গিয়ে রাত ৯টা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। কাজের প্রতি এমন নিষ্ঠা ও একাগ্রতাই প্রকৃত সততার পরিচয়।
নরসিংদীর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যা ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ট্রমা সেন্টার চালু, একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্বে থাকা অবস্থায় দেশের মানুষের জন্য কাজ করতে না পারলে পরে আফসোস করতে হবে। পদ ও ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের জন্য করা কাজই স্থায়ী হয়ে থাকে।’
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাছির এবং রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন।
সূত্র: বাসস