রাজধানীতে যুবদল নেতাকে গুলি, আহত ২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৪৬ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কাফরুলে প্রকাশ্যে গুলিতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিবসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রধারী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ।
কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে হাফিজুর রহমানসহ ৭-৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাফিজুর রহমান দুটি এবং ইউসুফ বুকে একটি গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।