আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: রয়টার্স
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:২৮ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার পদত্যাগ করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে তিনটি দায়িত্বশীল সূত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণার পরপরই এই খবরের কথা জানা গেল।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে দমনপীড়নের অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়। ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার দেশে ফেরার খবরের পর প্রশাসনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উচ্চপদে থাকা সাবেক সরকারের সহযোগীদের সরানোর দাবি উঠছে।
বাংলাদেশে রাষ্ট্রপতির পদটি মূলত আলংকারিক। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের হাতে থাকে।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সূত্র জানায়, পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। গত মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীকে নিজের সিদ্ধান্তের কথা জানান। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে জানান, নির্বাচনে তারেক রহমান ক্ষমতায় এলে তিনি পদত্যাগ করবেন।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্রের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গেছে।
চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি আগামী ডিসেম্বরের দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।