সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, নেতৃত্বে এগিয়ে আসতে হবে তরুণদের
২৬টি তরুণ সংগঠনের ৪৮ প্রতিনিধির অংশগ্রহণ ও শপথ
ডেইলি সান রিপোর্ট, বরগুনা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
বরগুনায় টিআইবি ও সনাক আয়োজিত ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালায় অতিথিবৃন্দ ও তরুণ প্রতিনিধিরা। ছবি: ডেইলি সান
সুশাসন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। আর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বক্তারা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বরগুনার আরডিএফ প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তারা এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনা এ কর্মশালার আয়োজন করে।
সনাক বরগুনার সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে কাজী শফিকুর রহমান বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। এজন্য তরুণদেরকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আইনের শাসন নিশ্চিত করা না গেলে অন্যায়-অবিচার বাড়বে এবং উন্নয়নের ধারা ব্যাহত হবে।’
তিনি প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান, বৈশিষ্ট্য, বিদ্যমান চ্যালেঞ্জ, উত্তরণের উপায়, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), তথ্য অধিকার আইন এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় তরুণ সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে সনাক-টিআইবি বরগুনার ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক আলহাজ আবদুর রব ফকির বলেন, তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি। স্বেচ্ছাসেবার মনোভাব নিয়ে তরুণদের দেশ গঠনের কাজে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
সনাকের সহ-সভাপতি ডা. মনিজা বলেন, ‘ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নিজেদের মধ্যেই সুশাসনের চর্চা শুরু করতে হবে। প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের মাধ্যমেই একটি টেকসই ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
সনাকের সাবেক সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই টিআইবি ও সনাক কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।’
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান বলেন, ‘তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব নয়।’
তিনি বলেন, দেশের তরুণরা যদি ইতিবাচক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে, তবে কাউকে পিছনে না রেখে সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে। পরে তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।
টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের বরগুনা এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসেন খানের সঞ্চালনায় কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন।
কর্মশালায় বরগুনা জেলার ২৬টি স্বেচ্ছাসেবী ও তরুণ সংগঠনের ৪৮ জন প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল যুব রেড ক্রিসেন্ট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার, হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি, হেলথ রাইটস ইয়ুথ ফোরাম, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ), বরগুনা সাইক্লিং কমিউনিটি, প্রথম আলো বন্ধুসভা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিডি ক্লিন, জেলা রোভার, গার্লস গাইড, খেলাঘর বরগুনাসহ বিভিন্ন সংগঠন।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিরা দলভিত্তিক আলোচনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন, সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং তা উত্তরণে করণীয় বিষয়ে মতামত উপস্থাপন করেন।