EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে বন্যায় সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি: কাঁচামরিচ ২৪০, আকাশছোঁয়া অন্য সবজিও

সরবরাহ ঘাটতিতে ক্ষুব্ধ ক্রেতা, সরকারি সহায়তার আকুতি কৃষকদের

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম

লালমনিরহাটে বন্যায় সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি: কাঁচামরিচ ২৪০, আকাশছোঁয়া অন্য সবজিও

লালমনিরহাটের কাঁচাবাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ বেড়ে গেছে কাঁচামরিচসহ নিত্যপণ্যের দাম। ছবি: ডেইলি সান

অ অ

একটানা অতিবৃষ্টি ও সাম্প্রতিক বন্যায় লালমনিরহাটে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মতো এখানেও কাঁচামরিচসহ সব ধরনের শাকসবজির দাম আকাশছোঁয়া। এতে একদিকে উচ্চমূল্য দিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, অন্যদিকে উৎপাদন হারিয়ে চরম লোকসানে দিন কাটাচ্ছেন প্রান্তিক কৃষকরা।

বৃহস্পতিবার জেলার বড়বাড়ী ও গোশালা বাজারে ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে ৫ কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০০ টাকায় (প্রতি কেজি ১৬০ টাকা)। অথচ খুচরা বাজারে সেই মরিচই বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। এছাড়া বাজারে প্রতি কেজি টমেটো ১৮০ টাকা, ছোট করলা ও ভেন্ডি ১০০ টাকা, ঢ্যাঁড়শ ও কাঁকরোল ৮০ টাকা, বেগুন ৭০ টাকা এবং আদা ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সেনামৈত্রী হকার্স মার্কেটের খুচরা ব্যবসায়ীরা জানান, দফায় দফায় বন্যায় খেত তলিয়ে যাওয়ায় সবজির ঘাটতি দেখা দিয়েছে। পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে খুচরা বাজারে দামের ওপর এর সরাসরি প্রভাব পড়েছে। অন্যদিকে বড়বাড়ী আড়তের পাইকারি ব্যবসায়ীরা জানান, ঢাকার বাজারগুলোতে দাম বাড়ার প্রভাবও স্থানীয় বাজারে পড়ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুর রহমান বলেন, ‘অতিবৃষ্টিতে অধিকাংশ সবজি নষ্ট হওয়ায় আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। যাদের কিছু ফসল বেঁচে আছে তারা ভালো দাম পেলেও সংখ্যাগরিষ্ঠ কৃষক এখন নিঃস্ব।’ তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দ্রুত সরকারি প্রণোদনা ও সহায়তার দাবি জানান। বাজারে আসা সাধারণ ক্রেতারা অভিযোগ করে জানান, আয়ের তুলনায় নিত্যপণ্যের ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন জানান, ‘অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে জেলার বিভিন্ন এলাকায় শাকসবজির ক্ষতি হয়েছে। তবে মাঠের পানি নেমে গেলে উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়বে। এতে কাঁচামরিচসহ অন্যান্য সবজির দামও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।’

আরও পড়ুন