EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাই গণহত্যার দ্রুত বিচারে ১১ দলের স্মারকলিপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম

জুলাই গণহত্যার দ্রুত বিচারে ১১ দলের স্মারকলিপি

ছবি: সংগৃহীত

অ অ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্নের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাত দফা দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরাও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের প্রধান ঘটনাস্থলগুলোর অধিকাংশের তদন্ত এখনো শেষ হয়নি। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত শেষ করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

এতে আরও বলা হয়, অভিযুক্ত বহু পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখনো গ্রেফতার হননি। এমনকি অভিযোগ থাকা সত্ত্বেও অনেকে সরকারি দায়িত্বে বহাল রয়েছেন। তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলেও ঢাকা, রংপুর ও কুষ্টিয়া ছাড়া অধিকাংশ জেলার তদন্ত কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। পাশাপাশি হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের অনেক চিহ্নিত ব্যক্তিকে এখনো গ্রেফতার করা হয়নি বলেও দাবি করা হয়। এতে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া গুম, হত্যা, মরদেহ গোপন ও ধ্বংসের অভিযোগে অভিযুক্ত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। বিচারপ্রক্রিয়ার ধীরগতিতে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচার নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন