ঠাকুরগাঁওয়ে ‘বর্ষায় নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
‘জয় হোক সংস্কৃতির, জয় হোক নজরুল চেতনার’ প্রতিপাদ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার (২০ জুলাই) রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সৃষ্টিকর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শিল্পীদের পরিবেশনায় কবির দেশপ্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা প্রাণবন্তভাবে ফুটে ওঠে।
-6a5fb26f2c09d.jpg)
সাংস্কৃতিক আয়োজনে সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পী, সাংবাদিক এবং সংস্কৃতিপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।