প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (২১ জুলাই) মন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে অগ্রাধিকারভিত্তিক (Priority) সেবা চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুযোগ, নামজারি (মিউটেশন) ও অন্যান্য ভূমি-সংক্রান্ত সেবা দ্রুত সম্পন্ন, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভূমিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
জবাবে ভূমিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং তাদের জন্য বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য করতে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
এ ছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা আরও সহজ ও সমন্বিত করতে মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট (Focal Point) নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।
বৈঠকে ভূমি মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।