EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাপে কম দেওয়ায় মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

মাপে কম দেওয়ায় মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা
অ অ

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে রাজধানীর মহাখালীর ‘তশোফা ফিলিং স্টেশন’কে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চারটি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআইয়ের এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এই জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেন।

অভিযান চালানো হয় মহাখালীর ৬৩, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে অবস্থিত তশোফা ফিলিং স্টেশনে। সেখানে বিএসটিআইয়ের দল পরীক্ষা করে দেখতে পায়, প্রতিষ্ঠানটির চারটি ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছিল।

এর মধ্যে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিমিটার তেল কম দেওয়া হচ্ছিল। আর তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মিলিমিটার, ২২০ মিলিমিটার ও ১৯০ মিলিমিটার তেল কম সরবরাহ করা হচ্ছিল। কারচুপি ধরা পড়ার পরপরই উক্ত চারটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ ঘোষণা করে ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির মেট্রোলজি বিভাগের পরীক্ষক আহসান হাবীব খান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন