লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলারের মধ্যবর্তী অংশে এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলেন ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা ও স্থানীয় কয়েকজন ভারতীয় নাগরিক। পরে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়।
ঘটনার খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খুঁটি স্থাপনের কাজে বাধা দেয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।