রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ডেইলি সান রিপোর্ট, রাজশাহী
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে টিকিট পরীক্ষক (টিটি) মারধরের অভিযোগে শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রাখেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
অবরোধের কারণে দুটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন নির্ধারিত সময়েও রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী ফরহাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ট্রেনে রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় টিকিট পরীক্ষক (টিটি) তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত টিটির শাস্তিসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, একজন শিক্ষার্থী টিটির মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা আলোচনায় বসতে সম্মত হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান বলেন, অবরোধের কারণে ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।