মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান, ৭ মামলায় জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে সাতটি মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমটিসিএল জানায়, অভিযানে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সাতটি পৃথক মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সচেতন করা হয়।
অভিযান চলাকালে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের ‘এ’ গেটের সিঁড়ি এলাকা থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে স্টেশনসংলগ্ন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।
অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তা সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।