জিহাদ হত্যার বিচারের দাবিতে সরাইলে মানববন্ধন, মহাসড়ক অবরোধ
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও মামলার আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া ও জয়নাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।