EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে প্রশাসনকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:০২ পিএম

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে প্রশাসনকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অ অ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রশাসনের রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।

তিনি বলেন, কেবল আনুষ্ঠানিক কর্মসূচি আয়োজন নয়, জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

সঠিক নীতি প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ক্ষেত্রে ভুল পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে, যা নীতি নির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলেছে।

অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পের বিকাশ এবং রেমিট্যান্স খাতকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকারের নীতিগত অঙ্গীকার ও বিধি-বিধান অনুসরণ করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

আরও পড়ুন