খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি কাজল, সম্পাদক বিমল সাহা
অনুষ্ঠিত নির্বাচনে ইউনিয়নের ১১৮ জন ভোটারের মধ্যে ৭৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহাসহ অন্য প্রার্থীরা। ছবি: ডেইলি সান
উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন। খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিনভর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম কাজল। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিমল সাহা, দপ্তর সম্পাদক পদে মো. হেলাল মোল্লা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সম্পাদক পদে এমএম মিন্টু, কোষাধ্যক্ষ পদে আল মাহমুদ প্রিন্স এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রীতা রানী দাস। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন।
ইউনিয়নের মোট ১১৮ জন সদস্যের মধ্যে ৭৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন শেখ কামরুল আহসান। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল মাহমুদ ও দেবব্রত রায়। নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমজান হোসেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক ইমাম মল্লিক।