টোকিও দূতাবাসে জুলাই শহিদ দিবস পালিত
শহিদদের আত্মত্যাগের চেতনায় দেশ পুনর্গঠনে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রদূতের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম
জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, ফ্যাসিবাদমুক্ত, গুম-খুনমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের নতুন সুযোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।
রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা ও সুশাসনের যে পরিবেশ তৈরি হয়েছে, তা রাষ্ট্র পুনর্গঠনের কাজে নতুন গতি এনে দিয়েছে। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সরকারের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতরা।