ল্যান্স নায়েক কাজী আবুল বাশার, বীর প্রতীকের ৩৭তম শাহাদাতবার্ষিকী আজ
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী ল্যান্স নায়েক মো. কাজী আবুল বাশার, বীর প্রতীক-এর ৩৭তম শাহাদাতবার্ষিকী আজ, বৃহস্পতিবার (১৬ জুলাই)। ১৯৮৯ সালের এই দিনে খাগড়াছড়ির পানছড়ি এলাকায় শান্তিবাহিনীর সশস্ত্র হামলায় তিনি শহীদ হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ল্যান্স নায়েক কাজী আবুল বাশার তৎকালীন ৪৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে পানছড়ি জোনে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালের ১৬ জুলাই পানছড়ি আর্মি ক্যাম্প থেকে খাগড়াছড়ির উদ্দেশে অধিনায়কের নিরাপত্তা এসকর্টের গাড়ি চালিয়ে যাওয়ার সময় মনিগ্রাম এলাকায় শান্তিবাহিনীর সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়েন।
হামলার শুরুতেই এলএমজির গুলিতে গাড়ির দ্বিতীয় আসনে থাকা হাবিলদার মফিজ উদ্দিন ঘটনাস্থলেই শহীদ হন। এ সময় ল্যান্স নায়েক কাজী আবুল বাশারও বুকে, হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থাতেও তিনি অসীম সাহসিকতার সঙ্গে গাড়ির নিয়ন্ত্রণ ধরে রেখে অ্যাম্বুশ এলাকা থেকে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান।
আইএসপিআর জানায়, নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে তিনি গাড়িতে থাকা আটজন সৈনিক, তাদের অস্ত্র ও সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে একপর্যায়ে তিনি দুর্বল হয়ে পড়লে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সেটি পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তিনি শাহাদাতবরণ করেন।
তার অসাধারণ সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীরত্বসূচক ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে।
বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এই বীর সেনানীর আত্মত্যাগ স্মরণ করেছে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছে। তাঁর বীরত্ব ও আত্মোৎসর্গ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।