সব সরকারি সেবা মিলিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সরকারি সব ধরনের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক সুবিধা একক পরিচয়ের আওতায় আনতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে একটি কার্ডের মাধ্যমেই নাগরিকরা সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেটের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বিশেষ কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে এসব সুবিধা কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব আরও কার্যকরভাবে পালনের লক্ষ্যেই একক কার্ড ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বক্তব্যে তিনি কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এর ফলে প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষক উপকৃত হয়েছেন।
সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য গুরুত্বপূর্ণ। তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতি সমর্থন জানানোয় বিরোধী দলের সংসদ সদস্যদেরও ধন্যবাদ জানান।