জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ছবি: ডেইলি সান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এই কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তাঁরা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. বুলবুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান ও রেজওয়ানুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল করিম, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. জুলফিকার আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপতী রায়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।