পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: সংগৃহীত
পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার, আপনার, সবার দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করছে। তবে শুধু সরকার বা সিটি কর্পোরেশনের উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হওয়ায় রাজধানী ঢাকায় মানুষের চাপ ক্রমেই বাড়ছে। ফলে নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এ খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আধুনিক নগর সংস্কৃতি গড়ে তুলতে নিয়ম মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে। এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কার্যকর তদারকি ও সচেতনতা বাড়লে মানুষ নিয়ম মেনে চলে। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনাতেও কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকার, সিটি কর্পোরেশন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।