বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিন সকালে প্রতিমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন এবং পিএমখালী এলাকার চান্দেরপাড়া পরিদর্শন করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।