সাতকানিয়ায় বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় তিনি ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্প্রতি উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় দক্ষিণ জেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।
ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, “দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। যার যার সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব।”
তিনি বলেন, “বন্যার কারণে অনেক পরিবার চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। জরুরি মানবিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমও জোরদার করা প্রয়োজন।”
চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৌহিদুল ইসলাম বলেন, “এমন দুর্যোগের সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও ব্যাপকভাবে সহায়তা এগিয়ে আসা প্রয়োজন ছিল। বাস্তবে ক্ষয়ক্ষতির যে চিত্র আমরা দেখছি, তা অত্যন্ত উদ্বেগজনক। লক্ষাধিক মানুষ পানিবন্দী এবং হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”
তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আন্তরিক আহ্বান জানান।