EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শেখ হাসিনাকে ভারতকেই হ্যান্ডওভার করতে হবে: চিফ প্রসিকিউটর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

শেখ হাসিনাকে ভারতকেই হ্যান্ডওভার করতে হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

অ অ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে এসে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রবিবার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার সম্ভাব্য আত্মসমর্পণ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন। ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তাকে দণ্ডিত ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হয়েই বাংলাদেশে আসতে হবে। আর তা সম্ভব হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করতে হবে।’

এর আগে শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছিলেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন—এটা আপনার বিষয়। কিন্তু আপনাকে তো আমরা এখনই চাই। তাই কোনো ধরনের স্টান্টবাজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে তিনি আশা করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেন শেখ হাসিনা।

আরও পড়ুন