টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধস ও আকস্মিক বন্যার শঙ্কা, মাঠে আনসার-ভিডিপি
ডেইলি সান রিপোর্ট, রাঙামাটি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙামাটিতে পাহাড় ধস ও আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তায় মাঠপর্যায়ে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বাহিনীটির সদস্যরা।
শনিবার (১১ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগের আশঙ্কা বিবেচনায় গত ২৯ জুন রাঙামাটি জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে উপজেলা কর্মকর্তাদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাতাভোগী ও স্বেচ্ছাসেবী সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আনসার-ভিডিপি জানায়, ভারী বৃষ্টিপাত শুরুর আগ থেকেই বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক প্রচার চালান। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করেন এবং প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান।
বৃষ্টির তীব্রতা বাড়ার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুর্গম এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করা হয়। শিশু, নারী ও বয়স্কদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি উপজেলা পর্যায়ে নিয়মিত ব্রিফিং ও সমন্বয় সভার মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, রাঙামাটি জেলা সদরের আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আনসার ও ভিডিপির সদস্যরা টহল ও নিরাপত্তা দায়িত্ব পালন করছেন, যাতে আশ্রয় নেওয়া মানুষ নিরাপদে থাকতে পারেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা যেসব মানুষ এখনো ঘর ছাড়েননি, তাদের নিরাপদ স্থানে যেতে উদ্বুদ্ধ করতে মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে দলটি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, রাঙামাটিসহ দেশের বন্যা ও দুর্যোগপ্রবণ এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, নিরাপত্তা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।