গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০১ পিএম
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
আজ শনিবার (১১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সেনাপ্রধান ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া এবং ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণের মান পর্যবেক্ষণ করেন। এ সময় বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আইএসপিআর জানায়, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও অপারেশনাল প্রস্তুতি আরও সুদৃঢ় করার উদ্যোগ অব্যাহত রয়েছে।