পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে তিনজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধা ও স্থানীয়দের প্রতিবাদের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
শনিবার (১১ জুলাই) ভোররাতে বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ি এলাকার ষোলঘরিয়া সীমান্তে ধবলসুতী বিওপির আওতাধীন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ৮৩৩-এর ৯-এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে মোট নয়জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এদের মধ্যে ছয়জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়। তবে তিনজন নারীকে বিজিবি ও স্থানীয়রা শূন্যরেখা অতিক্রম করতে বাধা দিলে তারা ভারতের অভ্যন্তরেই থেকে যায়। বর্তমানে তারা সীমান্তের ভারতীয় অংশে প্রায় ১৫০ গজ ভেতরে অবস্থান করছে বলে জানা গেছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে এবং টহল জোরদার করা হয়।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পুশব্যাক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।