উন্নয়ন ও প্রকৃতি চলবে হাত ধরাধরি করে: পরিবেশমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম
বাংলা একাডেমিতে 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫' অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, উন্নয়ন ও প্রকৃতি হাত ধরাধরি করে এগিয়ে যাবে। এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের ভিত্তিতে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণ হবে একই পথের সহযাত্রী।
শুক্রবার (১০ জুলাই) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আয়োজিত 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
পরিবেশমন্ত্রী বলেন, "প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প নয়। এটি আমাদের জাতীয় দায়িত্ব। আজকের সম্মাননাপ্রাপ্তরা প্রমাণ করেছেন, একজন মানুষের নিষ্ঠা ও উদ্যোগও পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই উদ্যোগ সমাজজুড়ে ছড়িয়ে দিতে হবে।"
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে 'ন্যাশনাল গ্রিন মিশন' বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি পরিবেশ সংরক্ষণে একটি সামাজিক আন্দোলনে রূপ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী পদকপ্রাপ্তদের 'সবুজ ভবিষ্যতের নির্মাতা' ও 'নীরব পরিবেশযোদ্ধা' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের নিষ্ঠা ও উদ্যোগ পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এ বছর 'দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫' পেয়েছেন জীববৈচিত্র্য গবেষণায় অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান (নিসর্গ পুরস্কার), টেকসই কৃষি চর্চায় 'প্রাণ বৈচিত্র্য খামার' (জীববৈচিত্র্য পুরস্কার), তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণে মো. বাদশা মিয়া (বৃক্ষসখা সম্মাননা), ডিজিটাল মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরিতে উম্মে কুলসুম পপি (সবুজ সারথী সম্মাননা), প্রযুক্তিভিত্তিক উদ্ভিদ গণনায় সুমাইয়া মারিয়ম (নবীন নিসর্গী সম্মাননা) এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে অধ্যাপক ড. কাজী আহসান হাবিব (পরিবেশ কীর্তিমান সম্মাননা)।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্র্যাক ব্যাংক ও তরুপল্লবের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ, গবেষক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।