ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যার্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে পাঁচ দিনব্যাপী জরুরি খাদ্য ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নগরের ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া (ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন) এবং নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় পৃথক দুটি ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ বিভিন্ন জরুরি খাদ্যসামগ্রী। পাশাপাশি অসুস্থ ও ঝুঁকিতে থাকা মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
হাটহাজারীর বড়দিঘী এলাকায় আয়োজিত কর্মসূচিতে ১২০টি ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের মনিটর অধ্যাপক ড. মো. আহসানুল হক, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অ্যাডভোকেট মু. খুরশেদুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে, ষোলশহর রেলস্টেশন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে ৫০টি ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমিরউদ্দিন নাহিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. বেলায়েত হোসেন ঢালী এবং এএবি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিক বিল্লাহসহ অন্যান্য অতিথিরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমের স্থানীয় সমন্বয়ে ছিলেন অধ্যাপক ড. মো. আহসানুল হক ও ডা. বেলায়েত হোসেন ঢালী। এছাড়া যুবদল নেতা নাশিদ স্বেচ্ছাসেবকদের সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন জানিয়েছে, তাৎক্ষণিক ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রয়োজন হলে চট্টগ্রামের আরও ক্ষতিগ্রস্ত এলাকায় এই মানবিক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে সহায়ক হবে এবং সমাজে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।