মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ দখল অপসারণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রী চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
ডিএমটিসিএল জানায়, অভিযানে যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এমন সব অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়েছে।
অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযানে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়।
ডিএমটিসিএল জানিয়েছে, এটি নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় যাত্রী চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন সব ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
অভিযান সফলভাবে পরিচালনায় সহযোগিতা করায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিএমটিসিএল।