নতুন ৩ উপজেলা গঠনে সরকারের প্রজ্ঞাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশের প্রশাসনিক কাঠামোতে যুক্ত হলো নতুন তিনটি উপজেলা। চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লার তিনটি বড় উপজেলাকে ভাগ করে নতুন উপজেলা গঠনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলা গঠিত হয়েছে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল এই ছয়টি ইউনিয়ন নিয়ে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠিত হয়েছে মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব এই আটটি ইউনিয়নের সমন্বয়ে।
অন্যদিকে বাঙ্গরা উপজেলা গঠিত হয়েছে শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী এই ১০টি ইউনিয়ন নিয়ে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন তিন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেটআপও অনুমোদন করা হয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।