EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:১৭ এএম

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

ছবি: ডেইলি সান

অ অ

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জহিরুল ইসলাম জানান, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সকালের ভারী বৃষ্টিতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীদের ভোগান্তি চরমে পৌঁছায়। নগরের বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অনেকেই সময়মতো কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকেই আগ্রাবাদ, চান্দগাঁও, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার সকালে বাকলিয়া, চকবাজারসহ বেশিরভাগ নিম্নাঞ্চলের সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। পথচারীদের পানি ডিঙিয়ে চলাচল করতে দেখা গেছে।

নগরের বাদুরতলা এলাকায় জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করছেন। এ লক্ষ্যে সব সেবা সংস্থাকে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত কাজ করছেন।

এদিকে টানা বৃষ্টিতে জেলার সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ ও রাঙ্গুনিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত ও মাছের ঘের। এতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন