হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ
ডেইলি সান রিপোর্ট, নোয়াখালী
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
বৈরী আবহাওয়া আর উত্তাল নদীর কারণে নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে দ্বীপ উপজেলা হাতিয়ার সব ধরনের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রবিবার (৫ জুলাই) সকাল থেকেই হাতিয়া-চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
আকস্মিক এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া শত শত যাত্রী নলচিরা ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। তীব্র বাতাস আর নদী প্রচণ্ড উত্তাল থাকায় ঘাট থেকে কোনো সি-ট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার ছাড়তে পারছে না।
ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। একই প্রতিধ্বনি পাওয়া গেছে হাতিয়া উপকূলীয় নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের কণ্ঠেও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই রুটের সব সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।