EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কানাডায় আন্তর্জাতিক পানির নিচের রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির ‘মিস্ট মাভিরভ’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

কানাডায় আন্তর্জাতিক পানির নিচের রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির ‘মিস্ট মাভিরভ’
অ অ

কানাডায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ মেট রোভ আন্তর্জাতিক পানির নিচের রোবট প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর তড়িৎ, ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মিস্ট মাভিরভ দল।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দল অংশ নেয়। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এমআইএসটির দলটি প্রথম স্থান অর্জন করে।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে বিভিন্ন প্রযুক্তিগত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রকৌশল দক্ষতা, জটিল সমস্যা সমাধানের সক্ষমতা এবং কার্যকর দলগত সমন্বয়ের মাধ্যমে সব ধাপ সফলভাবে অতিক্রম করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে মিস্ট মাভিরভ।

এমআইএসটির তড়িৎ, ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মিস্ট মাভিরভ দীর্ঘদিন ধরে পানির নিচের রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে এ সাফল্য দেশের প্রকৌশল শিক্ষা ও প্রযুক্তি গবেষণার সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, পরামর্শক এবং পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে এমআইএসটি।

আরও পড়ুন