বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের ১০ বছর বয়সী ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মন্থনা বাজার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চেংমারি গ্রামের পল্লী চিকিৎসক নির্মল চন্দ্র (৬০) তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র (৪০) এবং ১০ বছর বয়সী নাতি বন্ধনকে নিয়ে মোটরসাইকেলে করে বেতগাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার জুট মিলের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র নিহত হন। গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র ও শিশু বন্ধনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নির্মল চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত শিশু বন্ধনকে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তার জ্ঞান ফেরেনি এবং তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে, এ ঘটনায় চেংমারি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।