EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি

৬৬ জন আউটসোর্সিং কর্মচারীর অনির্দিষ্টকালের কর্মসূচি, ৬ মাসের বেতন বকেয়া, হাইকোর্টে রিট আবেদনও করেছেন তারা

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি

ছবি: ডেইলি সান

অ অ

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা চাকরিতে বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার সকালে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায়, প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনকারীরা করিডোরে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। এই আন্দোলনে ৬৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তালা লাগিয়ে দেওয়ায় তত্ত্বাবধায়কসহ কর্মকর্তারা কক্ষে ঢুকতে পারেননি, তবে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

নতুন ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত কর্মচারীরা সকালে যোগ দিতে এলে আন্দোলনকারীদের সঙ্গে হট্টগোল বাধে, পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হাসপাতাল আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কার্জন শেখ জানান, ২০২৪ সালের জুন মাসে আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের ৬৬ জনের চাকুরি হয়। সরকারি সকল নিয়মকানুন মেনে দুই বছর ধরে তারা হাসপাতালে বিভিন্ন দায়িত্ব পালন করেছে। ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী, ওটি এটেনডেন এবং ল্যাবসহ বিভিন্ন বিভাগে দ্বায়িত্ব পালন করছে। কিন্তু নবনিযুক্ত ঠিকাদার এইচ আর ডি অ্যান্ড ই এজেন্সির মাধ্যমে অজানা কারণে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে নতুন করে কর্মচারী নিয়োগ দিয়েছে। চাকুরিতে বহাল রাখার দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছে। চাকুরিতে বহাল না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।

সাধারণ সম্পাদক কার্জন শেখ আরও জানান, তারা সুপ্রিম কোটের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেছেন। 

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. আল-আমীন জানান, আউটসোর্সিংয়ে কর্মরত ৬৬ জন কর্মচারীর অধিকাংশই ৮ থেকে ১০ বছর ধরে এই হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবা দিয়ে আসছে। গত দুই বছর আগে আউটসোর্সিংয়ে তাদের চাকুরি হয়। তাদের চাকুরির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু অন্যায় ভাবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের বাদ রেখে নতুন কর্মচারী নিয়োগ দিয়েছে। তাদেরকে চাকুরিতে বহাল রাখার দাবিতে আন্দোলন চলবে।

আন্দোলনরত বেশ কয়েকজন নারী-পুরুষের সাথে কথা হলে তারা জানান, ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করে তারা মাসে ১৬ হাজার ১০০ টাকা বেতন পায়। কিন্তু গত ৬ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। সামান্য বেতনের টাকায় কষ্ট করে তাদের সংসার চলে। অন্যায়ভাবে তাদের আউটসোর্সিংয়ের চাকুরি কেড়ে নেওয়া হচ্ছে। চাকুরি না থাকলে তাদের জীবন চলবে না। তারা সরকারের কাছে তাদের চাকুরিতে বহাল রাখার দাবি জানান।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসীম কুমার সমদ্দার জানান, বাগেরহাট জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে ৬৬ জন কর্মচারী আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে আসছে। নতুন ২৮ জন জনবল পেয়ে মোট ৯৪ জনের জন্য টেন্ডার করা হয়। কিন্তু যে ঠিকাদার টেন্ডার পেয়েছে সে পুরাতনদের বাদ দিয়ে নতুন জনবল দিয়েছে। এ কারণে পুরাতন কর্মচারীরা বুধবার সকালে প্রশাসনিক ভবনের করিডোরে অবস্থান নিয়েছে। কর্মচারীদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ডা. আসীম কুমার সমদ্দার আরও জানান, কর্মচারীরা প্রশাসনিক ভবনের করিডোরে অবস্থান নিলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। 

আরও পড়ুন