EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন মুহিব্বুল্লাহিল নদভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন মুহিব্বুল্লাহিল নদভী
অ অ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তিনি বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) ও সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামি গবেষক, মুহাদ্দিস ও শরিয়াহ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের সদস্য এবং বিভিন্ন কওমি মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে আরও কার্যকর, আধুনিক, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কর্মপরিবেশ, শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক আ. ছালাম খান বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।

আরও পড়ুন