পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক-স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২৮ জুন) তিনি এ সফরে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিকও আলোচনায় গুরুত্ব পাবে।
আইএসপিআর জানায়, সেনাপ্রধানের এ সফর বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।