EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উন্নয়নের নামে অপচয়ের কোনো আগ্রহ সরকারের নেই: জোনায়েদ সাকি

‘হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায়’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

উন্নয়নের নামে অপচয়ের কোনো আগ্রহ সরকারের নেই: জোনায়েদ সাকি
অ অ

বর্তমান সরকার মেগা প্রকল্পের বিষয়ে রক্ষণশীল অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, বড় প্রকল্প দিয়ে মানুষকে চমকে দেওয়া বা উন্নয়নের নামে অপচয়ের কোনো আগ্রহ সরকারের নেই। বরং মানবসম্পদ উন্নয়ন ও প্রয়োজনভিত্তিক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) মিলনায়তনে ‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে নেওয়া যেসব মেগা প্রকল্প মাঝপথে বন্ধ করলে বড় ধরনের অপচয় হবে, সেগুলো পর্যালোচনা করে যৌক্তিকভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নতুন করে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প নেওয়ার পরিকল্পনা নেই।

তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার সন্তোষজনক নয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে। একই সঙ্গে করের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও কাউকে হয়রানি করা হবে না। ন্যায্যতার ভিত্তিতে কর আদায় নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

জোনায়েদ সাকি বলেন, মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ন্যূনতম কর ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগের সরকারের ভুলনীতি, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। বাজেটের অর্থ যথাযথভাবে ব্যবহার না করে অবকাঠামো উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হয়েছে। অধিকাংশ প্রকল্পই অতিমূল্যায়িত ছিল।

তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। বর্তমানে গ্যাস-সংযোগের সব প্রক্রিয়া সম্পন্ন করেও প্রায় ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান সংযোগ পাচ্ছে না। এতে প্রায় ২৩ হাজার কোটি টাকার বিনিয়োগ অলস পড়ে রয়েছে।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের ওপর কর কমানোর উদ্যোগ ইতিবাচক হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপ এবং জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

ছায়া সংসদ বিতর্কে ‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’—বিষয়ের ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাইমএশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন