পরিচ্ছন্ন হাতিরঝিল গড়তে সমন্বিত উদ্যোগ, পরিদর্শনে প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরঝিলকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক নগর বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে শনিবার (২৭ জুন) সকালে হাতিরঝিল এলাকার চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গত সাত দিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের ডাস্টবিন ব্যবহারে আরও সচেতন হতে হবে। তিনি জানান, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাতিরঝিলকে আরও উন্নত ও নান্দনিক করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ, উন্নত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের মতো কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সংশ্লিষ্টরা হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।