বেনাপোল সীমান্তে ১৩ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বিজিবির অভিযানে উদ্ধার ২ কোটি ২১ লাখ টাকার স্বর্ণ
ডেইলি সান রিপোর্ট, যশোর
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:২১ এএম
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ২ কোটি ২১ লাখ টাকার ১৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে ওই ব্যক্তিকে আটক করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। সাহাব উদ্দিন বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালী এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের ১৩টি বারের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।