EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৩০ পিএম

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

ছবি: সংগৃহীত

অ অ

আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রস্তুতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় সিভিল সার্জন জানান, এবারের ক্যাম্পেইনে ঠাকুরগাঁও জেলায় মোট ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৪০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৬৭৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

সিভিল সার্জন আরও জানান, জেলার ১ হাজার ৩৬৪টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দু’জন করে মোট ২ হাজার ৭২৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, অসুস্থ কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। একই সঙ্গে কান্নারত শিশুদের জোরপূর্বক ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, অভিভাবকদের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং শিশুদের অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন